তোমাকে কবিতায় বাঁধবো না
তুমি অবলীলায় এসো
যেমন আসে জানলায় দক্ষিনা বাতাস
আপন মনে করে
এলো চুলে এসো
অথবা দুপুরের নিরালায়
সাজাবো না তোমায় উপমায়
সাবলীল ভঙ্গীমায় তুমি
জুড়ে থেকো প্রিয় রঙীন কোনটাতে
চিরকালীন তুমি
আমুদে আগোছালো বেশে
খুনসুটিতে জড়িয়ে ধরো গলা
না ...অলঙ্কারের ঝঙ্কারে নয়
সহজাত উচ্ছ্বাসে বন্য হয়ে এসো ..
খিলখিলিয়ে হেসে মুক্ত করো
বন্দী থাকা মনটাকে
এসো হারিয়ে যাওয়া বাৎসল্যে
বোবা প্রাণের শব্দ হয়ে তুমি এসো
~~~~~~~~~~~~~****~~~~~~~~~~~~~
তুমি চাইলে আমি ঝড় হতে পারি !
উড়িয়ে নিয়ে যাব তোমার ছাইচাপা মন ...
দমকা হাওয়ায় ধুয়ে দেব জমাটি বুকের কোন।
তুমি চাইলে আমি আগুন হতে পারি !
ঝলসে দিয়ে স্তুপাকৃত ঠুনকো তিরষ্কার ,
নরম আঁচে আঁকব ঘুম শরীরে তোমার ।
যদি চাও ...আমি হতেও পারি ফেরিওয়ালা ...
হারিয়ে ফেলা তোমার যত রেশমি সখের মানুষ
রুপকথায় বিলাব , তোমায় একলা দুপুর ফানুস ।
আর যদি চাও ..তবে আমি হব কবি ...
আগোছালো ঘুরব, বাঁধব ফেরারী মনের কথা,
যতবার তুমি হাসবে, আমি কুড়াবো তোমার না বলা ব্যথা ॥
=======<==<<<========>>>==>=======
বাইরেটা যেরম সেরম হলেও
আজ মন ঝিরঝিরে ব্রৃষ্টির মত ।
জানলার ওপারে সবুজ খূঁজতে খূঁজতে
হঠাৎই যখন সব ঝাপসা হয়ে এলো....
গাছ ভিজলো..রাস্তা ভিজলো
ভিজলো তারে বসে পড়শী কাক
আর হাড় গিলগিলে কুকুরটা॥
...
..
তারপর
..
..
যা মনে রাখার কোনো তাগিদ নেই
নেই কোনো আছিলা;
লৌকিকতার দাবী নেই
নেই প্রেমের ভাগীদার......
অহেতুক অবচেতনে
সেই স্মৃতিরা এলো।
গুড়োগুড়ো মূহুর্তরা ভরিয়ে দিলো
কাঁচের গেলাস
ছাদের টব
গলির খাল বিল
পড়তে পড়তে জমে থাকা ছাই সরিয়ে
কানায় কানায় সময় অন্তহীন..
..
..
..
তারপর
সবাই যখন সেজে উঠলো নতুনের মত করে
ভিজে আকাশ নেমে এলো চোখে
প্রিয় বন্ধুর পরশের মত অনাড়ম্বর আদরে
জাপটে ধরল বুকে
গলার কাছে জমে থাকা অনুভূতির রাশ
নরম ভালোলাগায়
মিশে গেলো শিরায় শিরায়॥
অলক্ষ্যে
সন্ধ্যা নামল শহরে ॥
===================================
যখন তখন মনে এসো না
আমার কান্না পায়
কি বল্লাম?
হ্যাঁ ঠিকই শুনেছ..কান্না পায় ।
পিঁপড়েদের মত মাটি খুড়ে
যদি লুকাতে পারতাম নিজেকে
তবে চিন্তা ছিলনা......
যখন তখন মনে এসো না
বাসে ট্রামে বড় অপ্রস্তুত লাগে ॥
যখন তখন মনে এসো না
অলীক ভালোলাগার রোগ লেগে যাবে
হ্যাঁ..স্বীকার করছি....
হয়তো আমারই মনের ভুল ।
বুদবুদের মত বাতাসের সাথে
মেলামেশার সুযোগ পেতাম যদি
তবে উধাও হতে বাধা ছিল না......
যখন তখন মনে এসো না
নিজের জন্য হাসলে বুঝি স্বার্থপর হয়॥
যখন তখন মনে এসো না
আমার অস্থিরতা বাড়ে
খুব সেকেলে?
হলাম নাহয়...মানুষ বই তো নয় ।
খোলা বইয়ের পাতার মত
সমর্পণের স্বাদ পেতাম যদি
তবে লোকনিন্দার পরোয়া করিনা...
যখন তখন মনে এসো না
আমার উচ্ছৃঙ্খল মনখারাপ হবে ॥